আল্লাহ্র সাথে সম্পর্ক।
💖 আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের অর্থ :
আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের অর্থ সম্পর্কে মূলত ৬ টি বিষয়ে আলোচনা করা হয়েছে। যথা :
১) জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য হওয়া।
এ সম্পর্কে আল্লাহ তায়ালার পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-
قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ অর্থ বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র রাব্বুল আলামীন আল্লাহর জন্যই উৎসর্গীকৃত। (সূরা আল আনআম : ১৬২)
২) পূর্ণ একাগ্রতার সাথে আল্লাহ্র ঈবাদত করা।
এ সম্পর্কে আল্লাহ তায়ালার পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-
وَمَآ أُمِرُوٓا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ ۚ وَذٰلِكَ دِينُ الْقَيِّمَةِ অর্থ - আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা যেন আল্লাহ্র ইবাদত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে এবং সালাত কায়েম করে ও যাকাত প্ৰদান করে। আর এটাই সঠিক দ্বীন। (সূরা বাইয়্যিনাহ : ০৫)
৩) গোপনে এবং প্রকাশ্যে সকল কাজেই আল্লাহ তাআলাকে ভয় করা।
৪) নিজের উপায়-উপাদানের তুলনায় আল্লাহ তাআলার মহান শক্তির উপরেই অধিক ভরসা করা।
৫) কারো সাথে বন্ধুত্ব, শত্রুতা এবং লেন-দেন ইত্যাদি সবকিছুই একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই সম্পন্ন করা।
হাদিসে রাসূল (সা.) ইরশাদ করেছেন, من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد إستكمال الإيمان অর্থ- যে কাউকে ভালোবাসল আল্লাহর সন্তুষ্টির জন্য, শত্রুতা পোষণ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, কিছু দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দান থেকে বিরত থাকলো আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ঈমানের পূর্ণতা লাভ করলো। (আবু দাউদ)
৬) গভীর রাতে আল্লাহকে ডাকা। (দুয়া কুনুত, তাহাজ্জুদ)
এছাড়া প্রত্যেক রাতে আপনার দোয়ায়ে কুনুতে যা পাঠ করেন, তার প্রতিটি শব্দই আল্লাহ তাআলার সাথে আপনার এ সম্পর্কের পরিচয় দিচ্ছে। আপনারা আল্লাহ তাআলার সাথে কোন ধরনের যোগ-সম্পর্ক স্থাপনের স্বীকৃতি দিচ্ছেন, তা এ দোয়ার শব্দাবলীর প্রতি লক্ষ্য করলেই সুন্দরূপে বুঝতে পারেন।
أللهم إنا نستعينك ونستغفرك ونثني عليك الخير كله ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك
أللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد نرجو رحمتك ونخاف عذابك إن عذابك بالكفار ملحق
হে আল্লাহ! আমরা তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমারই কাছে সরল-সত্য পথের নির্দেশ চাচ্ছি, তোমারই কাছে ক্ষমা ভিক্ষা করছি, তোমারই উপরে আস্থা স্থাপন করছি, তোমারই উপর ভরসা করছি এবং তোমার যাবতীয় উত্তম প্রশংসা তোমার জন্য নির্দিষ্ট করছি। আমরা তোমারই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ, তোমার অকৃতজ্ঞ দলে শামিল নই। তোমার অবাধ্য ব্যক্তিকে আমার বর্জন করে চলি। হে আল্লাহ! আমরা একমাত্র তোমারই ইবাদাত করি, তোমারই জন্য সালাত আদায় করি, সেজদা করি এবং তোমার জন্যই আমাদের যাবতীয় চেষ্ট-তৎপরতা নিবদ্ধ। আমরা তোমার অনুগ্রহ প্রার্থী এবং তোমার শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত। নিশ্চয়ই তোমার যাবতীয় আযাব কাফেরদের জন্য নির্দিষ্ট।
হযরত রাসূলে করীম (স) তাহাজ্জুদের জন্য উঠার সময় যে দোয়া পাঠ করতেন তাতেও আল্লাহ তাআলার সাথে এ সম্পর্কের একটি চিত্র পাওয়া যায়। তিনি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলতেন:
اللهم لك أسلمت، وبك آمنت، وعليك توكلت، وإليك أنبت، وبك خاصمت
হে আল্লাহ! আমি তোমারই অনুগত হলাম, তোমার প্রতি ঈমান আনলাম, তোমার উপর ভরসা করলাম, তোমার দিকে আমি নির্বিষ্ট হলাম, তোমার জন্যই আমি লড়াই করছি এবং তোমার দরবারেই আমি ফরিয়াদ জানাচ্ছি।
আল্লাহ আমাদের সকলকে তাঁর সাথে গভীর সম্পর্ক স্থাপনের তাওফীক দান করুন, আমিন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন